ঢাকায় গাইবেন শিল্পীরা, তহবিল যাবে ফিলিস্তিনে

যেখানে মানবতা অসহায় হয়ে পড়ে, সেখানে ফের ঘুরে দাঁড়ানোর সাহস যোগায় শিল্প।  যুগে যুগে এমন অসংখ্য নজির দেখেছে বিশ্ব।  যেমন ১৯৭১ সালে যখন মুক্তিযুদ্ধে বাংলাদেশের মানুষ সংকটে, তখন নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ারে অনুষ্ঠিত হয়েছিল বিখ্যাত ‘কনসার্ট ফর বাংলাদেশ’।

ঠিক সেভাবেই, এবার ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে একটি কনসার্ট।  ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে শুক্রবার (২৪ নভেম্বর) হাতিরঝিলে হবে ‘টু গাজা ফ্রম ঢাকা’ শিরোনামে কনসার্ট।  দুপুর ২টায় শুরু হবে কনসার্টটি।

কনসার্টটি হওয়ার কথা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে।  অনুমতি না পাওয়ায় এখন হাতিরঝিলের এম্ফি থিয়েটারের মঞ্চে হবে এ কনসার্ট।  কনসার্টের টিকিট বিক্রির টাকা পাঠানো হবে ফিলিস্তিনে।  টিকিটের পাশাপাশি যে কেউ ডোনেশন হিসেবেও টাকা পাঠাতে পারেন।

কনসার্টের টিকিট পাওয়া যাচ্ছে গেটসেটরক ওয়েবসাইটে।  ব্যান্ড দলগুলোর মধ্যে থাকবে মাকসুদ ও ঢাকা, আর্ক, অ্যাভয়েড রাফা, নেমেসিস, ইন্দালো, মেঘদল, সহজিয়া, কার্নিভাল, হাইওয়ে, হাতিরপুল সেশন, ফিরোজ জং, মরুভূমি, মুনফ্লাওয়ার।

সংগীতশিল্পীদের তালিকায় রয়েছেন মাশা ইসলাম, শাফায়েত, আসির আরমান. রেজাউল করিম লেমন, আহমেদ হাসান সানি, অভিষেক ভট্টাচার্য্যসহ অনেকে।  এ কনসার্টে অতিথি হিসেবে থাকবেন প্রিন্স মাহমুদ ও লতিফুল ইসলাম শিবলী।

কনসার্টের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০০, ১০০০ ও ১৫০০ টাকা।  এর বেশি কেউ চাইলে অনুদান দিতে পারবেন, সেই ব্যবস্থাও রাখা হয়েছে।  সেখানে টিকিট বিক্রি ও অনুদানের পরিমাণ লাইভ দেখা যাচ্ছে।  প্রতিবেদনটি লেখার মুহূর্ত পর্যন্ত ৩ লাখ ৯৭ হাজার ৬২০ টাকা তহবিল উঠেছে।

আয়োজকরা জানান, এই কনসার্টে যেসব ব্যান্ড দল ও শিল্পী পারফর্ম করবেন তাদের কেউই পারিশ্রমিক নেবেন না।  বরং টিকিট বিক্রি ও অনুদান থেকে যত টাকা উঠবে, পুরোটাই পাঠানো হবে ফিলিস্তিনের মানুষের জন্য।