টাঙ্গাইলের মধুপুরে আহাম্মদ আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদ ও দোষিদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার দুপুরে তারা বিদ্যালয়ের চলমান পরীক্ষা ও ক্লাস বর্জন করে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের গাংগাইর এলাকায় এই কর্মসুচি পালন করে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শাহজাহান আলী জানান, প্রধান শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে বিদ্যালয়ের সভাপতির সাথে শিক্ষকদের মতপার্থক্য দেখা দেয়। সভাপতি মোটা অংকের বিনিময়ে তার পছন্দের ব্যক্তি নিয়োগ দেওয়ার পায়তারাকে তারা সমর্থন না করায় গত বৃহস্পতিবার দুপুরে সভাপতি কোরবান আলী, তার ভাতিজা মমিনুল ইসলাম মুকুল, তার সহযোগি খলিলুর রহমান, ইকবাল হোসেনসহ ১৫/১৬ বহিরাগত এসে দরজা বন্ধ করে শিক্ষকদের লাঞ্ছিত করে। তারই প্রতিবাদে ছাত্র ও এলাকাবাসী আন্দোলনে নামে।
পরে মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, উপজেলা শিক্ষক সমিতির সধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগ নেতা ডা. মীর ফরহাদুল আলম মনি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. সাদিকুল ইসলাম উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন।
তারা অনতিবিলম্বে দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার প্রতিশ্রæতি দিলে বিক্ষুব্ধরা শান্ত হন।