নীলফামারীর ডোমার উপজেলার ধরনীগঞ্জ বাঁশের পুল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ধান মাড়াই মেশিনের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় রুমন ইসলাম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
শুক্রবার (১৭ নভেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত রুমন ইসলাম ডোমারের পশ্চিম চিকনমাটি আরডিআরএস মোড় এলাকার ব্যবসায়ী বুলেট ইসলামের ছেলে ও সদর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি।
আহতরা হলেন, উপজেলার পশ্চিম চিকনমাটি খতপাড়া এলাকার আব্দুল খালেকের ছেলে মো. জনি (২৬), একই উপজেলার ডাঙ্গাপাড়া এলাকার আনোয়ার হোসনের ছেলে রতন ইসলাম (২১)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নীলফামারী থেকে তিনজন যুবক একই মোটরসাইকেলে ডোমারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। যাওয়ার সময় নীলফামারী-ডোমার সড়কের ধরনীগঞ্জ বাঁশের পুল এলাকার বিপরীত দিক থেকে আসা একটি ধান মাড়াই মেশিনের ধাক্কা লাগলে মোটরসাইকেলের তিন আরোহী ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে রুমন মারা যান।
ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।