দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। বছরের শুরুতেই বিজয় বর্মার সঙ্গে প্রেমের খবর প্রকাশ্যে এনেছিলেন এই অভিনেত্রী। এবার পরিবার থেকেও বিয়ের জন্য চাপ পাচ্ছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, তামান্নাকে তাঁর বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দেওয়া হচ্ছে। বয়স বেড়ে ৩৪ হয়েছে তার। তবুও এই অভিনেত্রী বিয়ের পিঁড়িতে বসেননি। তাই অভিনেত্রীর বাবা মা চাইছেন, তাড়াতাড়িই দুজনের চারহাত এক হোক।
এ যেন এক মধ্যবিত্ত পরিবারের গল্প। পাত্র যখন পাওয়া গেছেই, তাহলে আর শুভকাজে দেরি কেন? তারপর থেকেই দুজনে বেশ গুরুত্ব সহকারেই বিয়ের ব্যাপারে ভাবনা চিন্তা করেছেন, এবং শেষ পর্যন্ত পরিবারের সঙ্গে সম্মত হয়েছেন।
দিন কয়েক আগে এক সাক্ষাৎকারে বিয়ের প্রসঙ্গে তামান্না বলেন, ‘বিয়ে একটা বড় দায়িত্ব। তখনই এক জনের সম্মতি দেওয়া উচিত, যখন সে দায়িত্ব নেওয়ার জন্য সম্পূর্ণ তৈরি থাকবে। ’
যদিও তামান্নার পরিকল্পনা ছিল ৩০ পেরোতেই বিয়ে করে দুই সন্তান নিয়ে সংসার করবেন। সেটা হয়নি। তামান্নার কথায়, খুব ছোট বয়সে কাজ শুরু করি। তখন ইন্ডাস্ট্রিতে নায়িকারা সর্বোচ্চ ১০ বছরের ক্যারিয়ার গড়ত। আমিও নিজের বিষয়ে এমন কিছুই ভেবেছিলাম। ৩০ পর্যন্ত কাজ করবো। তারপর বিয়ে করে সন্তান নেব, সংসার করবো। কিন্তু আমার ত্রিশেই যেন পুনর্জন্ম হল। ’
তামান্নার ঘনিষ্ঠমহল থেকে পাওয়া খবর অনুযায়ী, এই শীতেই অথবা নতুন বছরের শুরুর দিকেই বিয়ের পিঁড়িতে বসতে পারেন তামান্না-বিজয়। ইতোমধ্যেই দুই তারকার পরিবারে বিয়ের সানাই বাজতে শুরু করেছে।