কাদের জন্য পলিটিক্সের শিকার, সবার নাম ফাঁস করবেন পূর্ণিমা!

শোবিজ পাড়ায় ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমার একটি মন্তব্য নিয়ে বেশ আলোচনা চলছে গত কয়েক দিন ধরে।  সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন, তিনি পলিটিক্সের শিকার। পলিটিক্সের কারণে হারিয়েছেন একাধিক সিনেমার কাজ।

নিজের ক্যারিয়ারের ২৫ বছরের মাথায় নায়িকার এমন মন্তব্য বেশ আলোচনার সৃষ্টি করেছে শোবিজপাড়ায়।  ভক্তরাও প্রশ্ন তুলেছেন, কাদের জন্য পলিটিক্সের শিকার হয়েছেন তিনি? সেই নামগুলো যেন নিজ থেকেই ফাঁস করেন পূর্ণিমা।

এবার এই নায়িকাও জানালেন, শীগগিরই এই বিষয়ে স্পষ্ট করে সবটা জানাবেন তিনি।  পূর্ণিমা বলেন, ‘এ বিষয়টি নিয়ে আমি আলাদা একটা অনুষ্ঠান করব।  সেখানেই সবকিছু বলব।  আমি কেন পলিটিক্সের শিকার হয়েছি আর কারা আমায় এই পলিটিক্সের মধ্যে ফেলেছে? তাদের সবার নাম আমি বলব।  এজন্য আপনাদের কিছুদিন অপেক্ষা করতে হবে। ’

সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়ে পূর্ণিমা বলেন, ‘এখন তো চলচ্চিত্র অনেক কমে এসেছে।  অনেক শিল্পী ঘরে বসে গেছেন।  অনেকেই পলিটিক্সের কারণে সিনেমার কাজ পাচ্ছেন না।  আমিও পলিটিক্সের শিকার! আমিও কিছু কিছু ছবি থেকে বাদ পড়েছি, আমি জানি।  যদিও আমি বলি, আমি করিনি, কিন্তু আমি থাকা অবস্থায় অনেক ছবি থেকে বাদ পড়েছি।  পলিটিক্স ছিল বলেই এটা হয়েছে।  এখন এফডিসিও ছোট হয়ে আসছে। ’

বড় পর্দায় কাজ কমে যাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘বড় পর্দায় যে ছবিগুলো হচ্ছে বা যে গল্পগুলো হচ্ছে হয়তোবা আমার সময় অনুযায়ী, আমার ২৫ বছরের যে ক্যারিয়ার, সে অনুযায়ী যে চরিত্র থাকা দরকার সেরকম ভালো চরিত্রের অফার আসে না।  সেজন্য আমি কাজগুলো কম করছি।  আর যেসব ছবি হচ্ছে আমি হয়তোবা ম্যাচ করতে পারছি না। ’

পূর্ণিমা অভিনীত বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে সরকারি অনুদানে ছটকু আহমেদ পরিচালিত ‘আহারে জীবন’।  সিনেমাতে তার বিপরীতে অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ।  এ ছাড়া নির্মাণাধীন রয়েছে নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ সিনেমা দুটি। দীর্ঘদিন ধরেই সিনেমা দুটির কাজ থমকে আছে।  একটিতে তার বিপরীতে আছেন ফেরদৌস, আরেকটিতে আরিফিন শুভ।