কুষ্টিয়ার মিরপুরে ৫ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মো. সিরাজুল ইসলাম (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর দুইটার সময় কুষ্টিয়া মেহেরপুর সড়কের ফুলবাড়িয়া ইউনিয়নের নওদাপাড়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। মো. সিরাজুল ইসলাম (৩৮) চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার জয়রামপুর এলাকার মৃত মনসুর আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার মিরপুর থানার কাতলামারী এলাকা থেকে ট্যাপেন্ডাল ট্যাবলেট নিয়ে কুষ্টিয়া সদরে যাচ্ছিল এক মাদক কারবারি। এ সময় মিরপুর থানার ওসি মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে নওদাপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযানে চালিয়ে উক্ত মাদক কারবারিকে আটক করে পুলিশ। এ সময় তার হাতে থাকা একটি ব্যাগ থেকে ৫০টি বান্ডিলে সর্বমোট পাঁচ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ১০ লক্ষ টাকা বলে জানা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ওসি মোঃ রফিকুল ইসলাম বলেন, উক্ত আসামির বিরুদ্ধে মিরপুর থানা একটি মাদক মামলা দায়ের করা হচ্ছে। মিরপুর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত আছে এবং চলমান থাকবে।