গ্রেফতার আতঙ্কে মায়ের জানাজা পড়তে পারেনি উপজেলা বিএনপির সদস্য সচিব

চট্টগ্রামের মিরসরাইয়ে গ্রেফতার আতঙ্কে মায়ের জানাজা পড়তে পারেনি উপজেলা বিএনপির সদস্য সচিব গাজি নিজাম উদ্দিন। সাদা পোশাকে পুলিশের উপস্থিতি টের পেয়ে মায়ের জানাজা না পড়েই সটকে পড়েন তিনি।

শনিবার (২১ অক্টোবর) মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজি নিজাম উদ্দিনের মায়ের জানাজা ঘিরে এই ঘটনা ঘটে।

জানা যায়, দীর্ঘদিন অসুস্থ থাকার পর শুক্রবার রাতে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজি নিজাম উদ্দিনের মাতা মাহমুদা খানম (৭২)। লাশ ঢাকা থেকে মিরসরাই নিজ বাড়িতে এনে শনিবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় জানাজার নামাজের আয়োজন করা হয়। মায়ের জানাজার নামাজ পড়তে বিএনপি নেতাকর্মীদের নিজ বাড়িতে উপস্থিত হন উপজেলা বিএনপির সদস্য সচিব গাজি নিজাম উদ্দিন জানাজার ২০ মিনিট পূর্বে। তার উপস্থিতির সাথে সাথে জোরারগঞ্জ থানা পুলিশের বেশ কয়েকজন সদস্য সাদা পোশাকে অবস্থান নেয় জানাজার মাঠে। মায়ের জানাজার পর বিএনপি নেতাকে গ্রেফতার করতে পারে এমন আশঙ্কা থেকে গ্রেফতার এড়াতে মায়ের জানাজা না পড়েই স্থান ত্যাগ করেন তিনি। এ সময় কয়েকশ নেতাকর্মী মানবঢাল তৈরি করে তাকে নিরাপত্তা দিয়ে এলাকা পার করে দেন।

এদিকে মায়ের জানাজার মাঠে পুলিশের উপস্থিতির সমালোচনা করেছেন মিরসরাই উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

মিরসরাই উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিন জানান, পুলিশ লীগের গ্রেফতার আতঙ্কে মায়ের জানাজা পড়তে পারেননি মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজি নিজাম উদ্দিন। এর থেকে দুঃখের বিষয় আর কি হতে পারে। গ্রেফতার করার জন্য কেন জানাজাকে বেছে নিতে হবে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।

মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী জানান, গাজি নিজাম উদ্দিন মায়ের জানাজা পড়তে উপস্থিত হওয়ার পর পুলিশ সাদা পোশাকে অবস্থান নিলে তিনি গ্রেফতার এড়াতে সটকে পড়েছেন।

জানাজার নামাজে গ্রেফতার করতে পুলিশের উপস্থিতি নিয়ে কথা বলার জন্য জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহিদ হোসেনের অফিসিয়াল নম্বরে বারবার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।