সেন্টমার্টিন দ্বীপে আটকা পড়েছে দেড় শতাধিক পর্যটক

জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা দেওয়ায় কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপে দেড় শতাধিক পর্যটক উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। অপেক্ষায় রয়েছে জাহাজের। আবহাওয়া অফিসের ৩নং সতর্ক সংকেত এবং বৈরী আবহাওয়াতে সাগর উত্তাল থাকায় কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন।

শেষ খবর পাওয়া পর্যন্ত শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল সেন্টমার্টিনের উদ্দেশ্যে কোনও জাহাজ না চলাচল করেনি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদনান চৌধুরী জানিয়েছেন, ‘দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে টেকনাফ থেকে পর্যটকবাহী কোনও জাহাজ সেন্টমার্টিনে যেতে দেওয়া হয়নি। এমনকি সব ধরনের স্পিডবোট ও কাঠের ট্রলার চলাচলের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছি। এ কারণে সেন্টমার্টিন ভ্রমণে আসা প্রায় দেড় শতাধিক পর্যটক আটকা পড়েছেন। আবহাওয়া স্বাভাবিক হলে তাদের ফিরিয়ে আনা হবে।’

ইউএনও আরও জানান, দ্বীপে অবস্থানকারী পর্যটকরা যাতে হয়রানির শিকার না হন সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি সৈকতে পর্যটকদের না নামতে নির্দেশ দেওয়া হয়েছে।