কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা আদর্শ সদর উপজেলা থেকে বিদেশি পিস্তল, রিভলভার, গুলি ও ম্যাগজিনসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান। গ্রেপ্তারকৃতরা হলেন- রিপন (৩২), সাজ্জাদ আলম (২১), কাজী আল রাব্বী (২৯) ও মোস্তফা রেজওয়ান হায়দার (২৯)। নাজমুল হাসান বলেন, গত বৃহস্পতিবার রাতে ভারত সীমান্তবর্তী এলাকা থেকে মোটর সাইকেলযোগে ৪ যুবক কুমিল্লা নগরীতে প্রবেশ করছিল। পরে গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি রিভলভার, ৫ রাউন্ড গুলি, ম্যাগজিন এবং ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আরও ৭ রাউন্ড গুলি, ২টি ম্যাগজিন, ১টি পিস্তলের গুলির খোসা ও ২টি পিস্তলের কভারের সন্ধান দেয় তারা। পরে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তা উদ্ধার করে।