ব্রাজিলে যাত্রীবাহী প্লেন বিধ্বস্ত হয়ে ১৪ জন মারা গেছেন। শনিবার (১৬ সেপ্টেম্বর) ঝড়ো আবহাওয়ার মধ্যে জনপ্রিয় পর্যটনকেন্দ্র বার্সেলোসে অবতরণের চেষ্টার সময় বিধ্বস্ত হয় প্লেনটি। এতে ১৪ আরোহীরই মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন কর্মকর্তারা।
বিবিসি জানিয়েছে, ছোট প্রপেলার প্লেনটি দুজন ক্রু ও ১২ যাত্রী নিয়ে ভ্রমণ শুরু করেছিল। আমাজনাস রাজ্যের রাজধানী মানাউস ও পর্যটন শহর বার্সেলোসে মাঝামাঝি এলে প্লেনটি বৈরি আবহাওয়ার শিকার হয়। পাইলট এ অবস্থায় আকাশযানটিকে অবতরণের চেষ্টা করছিলেন। এ সময় ল্যান্ডিং স্ট্রিপের বাইরে চলে যায় প্লেনটি। পরক্ষণেই বিধ্বস্ত হয়।
টুইটার নামে পরিচিত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরম এক্সে অ্যামাজন রাজ্যের গভর্নর উইলসন লিমা বলেছেন, শনিবার বার্সেলোসে বিমান দুর্ঘটনায় ১২ যাত্রী এবং দুই ক্রু সদস্যের মৃত্যুতে আমি গভীরভাবে দুঃখিত। আমাদের বিভিন্ন দল প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য শুরু থেকেই কাজ করছে। নিহতদের পরিবার এবং বন্ধুদের জন্য আমার সহানুভূতি ও প্রার্থনা রয়েছে।’
এদিকে মানাউস অ্যারোট্যোক্সি নামক একটি এয়ারলাইন বিবৃতি জারি করে বিমান দুর্ঘটনার কথা নিশ্চিত করেছে। এ ছাড়া এই ঘটনায় তদন্ত করার কথাও জানিয়েছে তারা। কিন্তু দুর্ঘটনায় মৃত্যু বা আহতদের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সংস্থাটি।
এমএইচএফ