পাকিস্তানের নতুন প্রধান বিচারপতি কাজী ফয়েজ ঈসা

পাকিস্তানের নতুন প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি কাজী ফয়েজ ঈসা। রোববার (১৭ সেপ্টেম্বর) দেশটির ২৯তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন তিনি। ইসলামাবাদের আইওয়ান-ই-সদরে এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট আরিফ আলভি তাকে শপথবাক্য পাঠ করান।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে জানিয়েছে, রোববার (১৭ সেপ্টেম্বর) ইসলামাবাদের আইওয়ান-ই-সদরে (প্রেসিডেন্টের সরকারি বাসভবন) এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট আরিফ আলভি তাকে শপথবাক্য পাঠ করান।

এসময় সেখানে পাকিস্তানের তত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার এবং সেনাপ্রধান আসিম মুনিরও উপস্থিত ছিলেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আইওয়ান-ই-সদরে প্রধান বিচারপতি শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়। কোরআন তেলাওয়াতের পর বিচারপতি ঈসার নিয়োগের বিজ্ঞপ্তি পাঠ করা হয়। পরে প্রেসিডেন্ট আলভি বিচারপতি ঈসাকে শপথবাক্য পাঠ করান। এসময় তার পাশে স্ত্রী সারিনা ঈসাও উপস্থিত ছিলেন।

১৯৫৯ সালের ২৬ অক্টোবর পাকিস্তানের কোয়েটায় জন্মগ্রহণ করেন বিচারপতি কাজী ফয়েজ ঈসা। তিনি বেলুচিস্তানের পিশিন শহরের প্রয়াত কাজী মোহাম্মদ ঈসার ছেলে। বিচারপতি কাজী ফয়েজ ঈসা বাবা পাকিস্তান আন্দোলনের অগ্রভাগে ছিলেন এবং দেশটির প্রতিষ্ঠাতা কায়েদ-ই-আজম মোহাম্মদ আলী জিন্নাহর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।

এমএইচএফ