দাঁড়িয়ে থাকা বাসের পেছনে ট্রাকের ধাক্কা, ঘটনাস্থলেই নিহত ১১

ভারতের রাজস্থানে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসের পেছনে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। নিহতদের মধ্যে পাঁচজন পুরুষ ও ছয়জন নারী রয়েছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) ভোরে রাজস্থানের ভারতপুরে এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্যমতে, বাসটি রাজস্থানের পুষ্কর থেকে উত্তর প্রদেশের বৃন্দাবনে যাচ্ছিল। কিন্তু পথে তেল ফুরিয়ে যাওয়ায় বাসটি একটি সেতুর ওপর দাঁড়ায়। এ সময় দ্রুতাগামী একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ভয়াবহ এ ঘটনা ঘটে।

বেঁচে যাওয়া এক যাত্রী জানায়, বাসটি একটি সেতুর ওপর গিয়ে নষ্ট হয়ে যায়। এ সময় চালক এবং কয়েকজন যাত্রী বাসের পেছনে দাঁড়িয়ে ছিলেন। ঠিক তখনই দ্রুতগামী একটি ট্রাক পেছনে ধাক্কা দেয়।

পুলিশ জানায়, এ ঘটনায় একটি মামলা হয়েছে। ঘটনার মূল কারণ জানতে তদন্ত চলছে।