৪৩তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু

৪৩তম বিসিএসের মৌখিক পরীক্ষা আজ রোববার থেকে শুরু হয়েছে। ১৮০ জন প্রার্থী প্রতিদিন মৌখিক পরীক্ষায় অংশ নেবেন।  মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্দিষ্ট সময়ে প্রার্থীকে উপস্থিত হতে হবে। পরীক্ষা কোনোভাবেই পেছানো যাবে না। পরীক্ষা চলাকালে প্রার্থী কমিশন চত্বরে কোনো কর্মকর্তা বা কর্মচারীর সঙ্গে যোগাযোগ করতে পারবেন না। ক্যানটিনেও দেখা করা যাবে না।

পরীক্ষার দিন মোবাইল ফোন বা কোনো যন্ত্র নিয়ে কমিশনে প্রবেশ যেতে পারবেন না। প্রিলিমিনারির সময় দেওয়া ছবি সংবলিত প্রবেশপত্র বাধ্যতামূলক করা হয়েছে।

জানা গেছে, গত ১ সেপ্টেম্বর মৌখিক পরীক্ষা শুরুর কথা থাকলেও সাপ্তাহিক ছুটি থাকায় তা রোববার (৩ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে। চলবে ১২ অক্টোবর পর্যন্ত।

গত ২০ আগস্ট ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ৯ হাজার ৮৪১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

পিএসসি জানিয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ৪৩তম বিসিএসের জন্য নির্ধারিত অনলাইন ফরম কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সংগ্রহ করতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের অনলাইন ফরম (বিপিএসসি ফরম-১) সনদ ও কাগজপত্রসহ মৌখিক পরীক্ষার দিন সংশ্লিষ্ট বোর্ডে ৩০ মিনিট আগে জমা দিতে হবে।

কোনো প্রার্থী নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে মৌখিক পরীক্ষার বোর্ডে সব সনদ ও কাগজপত্র জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর প্রার্থিতা বাতিল হবে। তিনি মৌখিক পরীক্ষায় আর অংশ নিতে পারবেন না।

৪৩তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ কর্মকর্তা নেয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, শিক্ষা ক্যাডারে ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ ও সমবায়ে ১৯ জনকে নিয়োগ দেয়া হবে।

উল্লেখ্য, ২০২১ সালের অক্টোবরে ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা সারা দেশের কেন্দ্রগুলোতে (ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ) অনুষ্ঠিত হয়। প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়েছিলেন ১৫ হাজার ২২৯ জন প্রার্থী।

এমএইচএফ