অর্থমন্ত্রীর জন্য ভোট চাওয়া সেই ওসিকে প্রত্যাহার

অর্থমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম মোস্তফা কামালের (লোটাস কামাল) জন্য প্রকাশ্যে একটি অনুষ্ঠানে ভোট চাওয়া নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।  তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।  তার কর্মস্থলে বদলি করা হয়েছে কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি দেবাশীষ চৌধুরীকে।

কুমিল্লার পুলিশ সুপার (এসপি) আবদুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) জেলা পুলিশ সুপার স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ জারি করা হয়।

মঙ্গলবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের জন্য আগামী জাতীয় নির্বাচনে ভোট চেয়ে ওসির বক্তব্যের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।  ওসির সেই বক্তব্যে জেলা পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারাও বিব্রত হন।

ছড়িয়ে পড়া ভিডিওতে ওসিকে বলতে শোনা যায়, ‘নাঙ্গলকোটের মানুষ গণহারে উনাকে (লোটাস কামাল) আবার নির্বাচিত করবেন। এটা আমার মনের দিক থেকে আপনাদের কাছে মিনতি। আসলে মাননীয় অর্থমন্ত্রী নাঙ্গলকোটের এত উন্নয়ন করেছেন যে, আমি যদি পূর্বের ইতিহাস শুনি তাহলে নাঙ্গলকোটের অনেক এলাকায় রাস্তাঘাটও ঠিকভাবে ছিলো না। উনি যখন আসলেন, তখন আপনাদের মন জয় করলনে এবং আপনাদরেকে উন্নয়নের শিখরে পৌঁছে দিলেন। ’

এদিকে, বক্তব্য এডিট করা হয়েছে বলে দাবি করেছেন ওসি ফারুক হোসেন।  তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা তো সরকারের প্রতিনিধি।  তাই উন্নয়নের কথা বলতেই পারি।  কিন্তু ভাইরাল হওয়া ভিডিওতে আমার বক্তব্য আংশিক এডিট করা হয়েছে। ’

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান মেহবুব এর সভাপতিত্বে আয়োজিত শোক দিবসে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান সামছুদ্দিন কালু, পৌর মেয়র, আব্দুল মালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউসুফসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

উল্লেখ্য, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল কুমিল্লা-১০ (সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট) সংসদীয় আসনের সংসদ সদস্য।