স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
মঙ্গলবার (১৫ আগস্ট) চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল সকল সরকারি, আধা-সরকারি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারী ভবনসমুহে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও সকাল ৯টায় চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে কালো ব্যাজ ধারণ করে বর্ণাঢ্য শোক র্যালি বের করা হয়। র্যালিটি জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
পরে শিল্পকলা একাডেমিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম ও চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।
সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতির পিতার ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নূরেআলম মিনা, সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ প্রমুখ।