স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বর্তমানে ডেঙ্গুর জন্য স্যালাইনের বেশ চাহিদা সৃষ্টি হয়েছে। হঠাৎ করে চাহিদা ১০-১২ গুণ বেড়ে যাওয়ায় বিভিন্ন স্থানে স্যালাইনের সংকট দেখা দিয়েছে। চাহিদা পূরণে দেশের সব স্যালাইন উৎপাদনকারী প্রতিষ্ঠানকে উৎপাদন বাড়ানোর জন্য বলা হয়েছে। প্রয়োজনে দেশের বাইরে থেকে স্যালাইন আমদানির জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে।
শুক্রবার (১১ আগস্ট) বিকেলে মানিকগঞ্জের সদর উপজেলার ঢাকুলি এলাকায় ১ কোটি ৬৫ লাখ ৮৪ হাজার টাকা ব্যয়ে প্রায় দেড় কিলোমিটার পাকা রাস্তার নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘দেশের হাসপাতালগুলোতে চিকিৎসক ও নার্সরা যথাসাধ্য সেবা দিয়ে যাচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে মশা নিধনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আরো গতিশীল হতে হবে। কারণ মশা কমলেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমবে। এছাড়া মানুষজনকেও সচেতন হতে হবে। কারণ এডিস মশা যাতে জন্ম না হয় এরজন্য বাড়ির আশপাশে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু পরীক্ষার কিটের কোনো সংকট নেই। পর্যাপ্ত কিট রয়েছে, যদি কোনো সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার কিট সংকট দেখা দেয় তবে চাহিদা মোতাবেক তা দ্রত সরবরাহ করা হবে। ’
পরে ঢাকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাগীর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
জাগীর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামীম হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাগীর ইউপি চেয়ারম্যান জাকির হোসেনের সঞ্চালনায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ছাড়াও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সহসভাপতি পৌর মেয়র রমজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ।