ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা গৌরব খান্না ও তার স্ত্রী আকাঙ্ক্ষা চামোলার দাম্পত্য সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি একটি রিয়ালিটি শোতে আকাঙ্ক্ষা জানান, গত এক বছর ধরে তারা আলাদা থাকছেন এবং বিচ্ছেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। এরপর প্রথমবারের মতো বিষয়টি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন গৌরব।
সম্প্রতি মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গৌরব বলেন, তাদের সম্পর্ক নিয়ে নানা আলোচনা হলেও তার অনুভূতিতে কোনো পরিবর্তন আসেনি। তিনি বলেন, “সবকিছু আগের মতোই আছে। ভালোবাসা ও সম্মান এখনও একই রকম রয়েছে। আকাঙ্ক্ষা আমার স্ত্রী, তাই যেকোনো পরিস্থিতিতেই আমি তার পাশে থাকব।”
আকাঙ্ক্ষার নতুন কাজের জন্য শুভকামনাও জানান এই অভিনেতা। তিনি বলেন, “তার আগামী পথচলার জন্য শুভকামনা রইল। আমি সবসময় তার মঙ্গল কামনা করি এবং পাশে থাকব।” গৌরবের এই সংযত ও ইতিবাচক প্রতিক্রিয়া ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
অন্যদিকে, ‘লক আপ সিজন ২’ অনুষ্ঠানে আকাঙ্ক্ষা চামোলা তাদের বিচ্ছেদের কারণও প্রকাশ করেন। তার ভাষ্য, সম্পর্ক ভাঙার পেছনে কোনো তিক্ততা বা পারিবারিক কলহ নয়, বরং সন্তান নেওয়ার বিষয়ে দুজনের ভিন্ন মতই প্রধান কারণ।
আকাঙ্ক্ষা জানান, বিয়ের শুরু থেকেই তিনি মা হওয়ার ব্যাপারে মানসিকভাবে প্রস্তুত ছিলেন না। সময়ের সঙ্গে তিনি উপলব্ধি করেন, মাতৃত্বের দায়িত্ব নিতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন না। অন্যদিকে গৌরবের ইচ্ছা ছিল সন্তান নেওয়ার। এই ভিন্ন চাওয়াই শেষ পর্যন্ত তাদের সম্পর্কে দূরত্ব তৈরি করেছে।
তিনি আরও বলেন, ভবিষ্যৎ নিয়ে দুজনের পরিকল্পনা এক নয় বলেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। তবে সম্পর্কের ইতি টানলেও একে অপরের প্রতি কোনো বিদ্বেষ বা দোষারোপ নেই।
উল্লেখ্য, দীর্ঘদিন প্রেমের পর ২০১৬ সালের ২৪ নভেম্বর কানপুরে বিবাহবন্ধনে আবদ্ধ হন গৌরব খান্না ও আকাঙ্ক্ষা চামোলা। প্রায় এক দশকের সম্পর্কের এমন পরিণতিতে হতাশ তাদের অসংখ্য ভক্ত-অনুরাগী।