চট্টগ্রামে আইনজীবী অমর ফারুক বাপ্পী হত্যা মামলায় ২ জনের ফাঁসি এবং ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার (২৬ জুলাই) অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জসিম উদ্দিন এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন- রাশেদা বেগম ও হুমায়ুন রশীদ। যাবজ্জীবন প্রাপ্তরা হলেন- আল আমীন, আকবর হোসেন ও পারভেজ আলী।
রায় ঘোষণার সময় হুমায়ুন ও পারভেজ আদালতে উপস্থিত থাকলেও বাকিরা পলাতক ছিলেন।
জানা গেছে, ২০১৭ সালের ২৫ নভেম্বর চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকার একটি বাসায় আইনজীবী অমর ফারুক বাপ্পীকে গোপনাঙ্গ কেটে এবং শ্বাসরোধ করে হত্যা করে। পরে পুলিশ এসে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বাবা আলী আহম্মদ বাদী হয়ে ৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
মামলায় ৩২ জনের সাক্ষ্যগ্রহণ করে আদালত এ রায় ঘোষণা দেন।
আরও পড়ুন : লক্ষ্মীপুরে যুবলীগ নেতা হত্যা: ৫ জনের ফাঁসি