অফিস শেষে মোটরবাইকযোগে বাড়ি ফিরছিলেন ব্রাক কর্মকর্তা শাহিনুল ইসলাম। পথিমধ্যে মোটরবাইকের পেছনে সজোরে একটি পিকআপ ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার (২৭ জুন) সকালে তুলারামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক গৌতম চন্দ্র মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার (২৬ জুন) বিকেলে ঢাকা-নড়াইল-যশোর মহাসড়কে নড়াইলের লোহাগড়া উপজেলার বসুপটি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাহিনুল ইসলাম মাগুরার জেলার পুলুম গ্রামের বাসিন্দা। তিনি বরিশালের উজিরপুর উপজেলায় ব্রাকের ক্রেডিট অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
তুলারামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক গৌতম চন্দ্র মণ্ডল জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ইতোমধ্যে ঘাতক পিকআপটি জব্দ ও চালককে গ্রেপ্তার করা হয়েছে।