বিশ্বকাপে দীর্ঘদিন ধরে ব্রাজিলের দখলে থাকা একটি রেকর্ড ভেঙে দিয়েছে নেদারল্যান্ডস। সুইডেনের বিপক্ষে নেদারল্যান্ডসের ৫-১ গোলে জয়ের মধ্য দিয়ে ওই রেকর্ড ব্রাজিলের হাতছাড়া হয়। এর ফলে নেদারল্যান্ডস এখন বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়েছে। দলটি টানা ১৪ ম্যাচ অপরাজিত রয়েছে।
‘ওরাঞ্জে’রা সবশেষ হেরেছিল ২০১০ ফিফা বিশ্বকাপ ফাইনালে। ওই ম্যাচে স্পেনের বিপক্ষে (পেনাল্টি শুটআউটের ফলাফল ড্র হিসেবে গণনা করা হয়েছে) হেরে আশা ভঙ্গ হয়েছিল নেদারল্যান্ডসের। এরপর বিশ্বকাপের আর কোনো আসরেই হারেনি দলটি।
এর আগের রেকর্ডটি ছিল ব্রাজিলের। তারা ১৯৫৮ থেকে ১৯৬৬ সালের মধ্যে টানা ১৩ ম্যাচ অপরাজিত ছিল। নেদারল্যান্ডস তাদের উদ্বোধনী ম্যাচে জাপানের সঙ্গে ২-২ ড্র করে সেই রেকর্ড স্পর্শ করেছিল।
নিজেদের দ্বিতীয় ম্যাচে সুইডেনের বিপক্ষে শুরু থেকেই নেদারল্যান্ডস ছন্দে ছিল। ব্রায়ান ব্রোবির দ্রুত দুটি গোল বিরতিতে যাওয়ার আগে নেদারল্যান্ডসে ২-০ ব্যবধানে এগিয়ে দেয়। এরপর কোডি গাকপো আরও দুটি গোল করে ব্যবধান বাড়ান।
সুইডেনের হয়ে বদলি খেলোয়াড় অ্যান্থনি এলানগা একটি সান্ত্বনাসূচক গোল করেন। তবে বদলি হিসেবে নামা ক্রাসেনসিও সামারভাইল শেষ গোলটি করে স্কোরলাইন ৫-১ করেন। এর ফলে সুইডেন ১৯৫০ সালের পর বিশ্বকাপে তাদের সবচেয়ে বড় পরাজয়ের মুখোমুখি হয়।
গ্রুপ এফ-এর প্রথম ম্যাচে জাপানের সঙ্গে ড্র করার পর নেদারল্যান্ডস দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং চার পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে।
এদিকে নেদারল্যান্ডসের কোচ রোনাল্ড কোয়ম্যান বলেছেন, শনিবার সুইডেনকে ৫-১ গোলে হারানো তাদের বিশ্বকাপ প্রতিদ্বন্দ্বীদের জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা। এই দাপুটে জয়ের দিনই তার দল টুর্নামেন্টের একটি রেকর্ডও ভেঙেছে।