বাঁশখালীতে চবি শিক্ষার্থীদের ত্রাণ সহায়তা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে তারা উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
শনিবার (১১ জুলাই) সহ গত কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন বন্যাদুর্গত এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। বাঁশখালীর বাসিন্দা চবি শিক্ষার্থীরাসহ চাকসু নেতা, ছাত্রশিবির, ছাত্রদল এবং সাধারণ শিক্ষার্থীরাও দুর্যোগের শুরু থেকেই পানিবন্দী মানুষের সহায়তায় মাঠে নামেন।
চবির শহীদ আবদুর রব হল সংসদের সহসভাপতি (ভিপি) মোহাম্মদ বুরহান উদ্দিন বলেন, ‘উপক‚লীয় বাঁশখালী অঞ্চলের অধিকাংশ বাড়িঘর পানির নিচে তলিয়ে গেছে। মানুষ অনাহারে দিন কাটাচ্ছে। যাঁদের মাটির ঘর ছিল, সেগুলোর অনেকগুলোই ধসে পড়েছে।’
চবির আরবি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আতাহার বলেন, ‘পানিবন্দী এলাকাগুলোতে আমরা ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছি। চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট, চানাচুর, মোমবাতি, গ্যাসলাইটার, বিশুদ্ধ খাবার পানি, স্যালাইনসহ বিভিন্ন প্রয়োজনীয় শুকনো খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।’ মোহাম্মদ বুরহান উদ্দিন বলেন, ‘সংগ্রহ করা মানবিক সহায়তার অর্থ দিয়ে মা-বোনদের জন্য স্যানিটারি প্যাড, শিশুদের জন্য ডায়াপারসহ কয়েক লাখ টাকার প্রয়োজনীয় সামগ্রী কেনা হয়েছে। এগুলো নৌকায় করে উপক‚লীয় দুর্গত এলাকাগুলোতে পৌঁছে দেওয়া হচ্ছে।’