তেওয়ারি হাটের গুরুত্বপূর্ণ পয়েন্টে বসল সিসিটিভি, কমছে অপরাধ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে নিরাপত্তা নিশ্চিতে প্রধানসড়কসহ পদুয়া তেওয়ারি হাটের গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

স্থানীয়রা জানান, তেওয়ারি হাট ও গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপিত এসব সিসি ক্যামেরার কারণে অনেকটাই কমে এসেছে চুরি-ছিনতাইসহ ইভটিজিংয়ের মতো অপরাধ। বাজারে কোনো অনাকাঙ্খিত ঘটনার সৃষ্টি হলে পুলিশ সহজেই অপরাধীদের সনাক্ত করে খুঁজে বের করতে পারবে। এ সময় পদুয়া ইউপি চেয়ারম্যানের এমন উদ্যোগ সব মহলে প্রশংসিত হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, পদুয়া বাজারের সম্ভাব্য সকল প্রবেশ পথে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এই সব সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সিসি ক্যামেরা স্থাপনের ফলে বিশাল বাজারের কার্যক্রম সার্বক্ষণিক নজরদারিতে থাকায় বাজারের ব্যবসায়ীরা এখন আগের চেয়ে অনেক বেশী নিরাপদ বোধ করছেন।

জানা গেছে, ক্যামেরাগুলোর জন্য ইউনিয়ন পরিষদের একটি কক্ষকে ‘নিয়ন্ত্রক কক্ষ’ স্থাপন করা হয়েছে। যেখান থেকে ৩০টি ক্যামেরা দ্বারা পদুয়া বাজারে কোথায় কি ঘটছে তা পর্যালোচনা করা হচ্ছে।

পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হারুনর রশিদ জানান, স্মার্ট বাংলাদেশের স্মার্ট বাজার ব্যবস্থাপনার প্রাথমিক পদক্ষেপ হিসেবে প্রায় ৯ লাখ টাকা ব্যয়ে গত ১ মাস পূর্বে পদুয়া তেওয়ারিহাটে সিসি ক্যামেরাগুলো বসানো হয়েছে। ফলে অন্যান্য যেকোনো সময়ের তুলনায় বর্তমানে ছিনতাই, পকেটমার, চুরি, ইভটিজিং এবং মারামারির মতো অপরাধ প্রবণতা অনেকাংশ হ্রাস পেয়েছে।

তিনি আরও বলেন, এছাড়া সিসি ক্যামেরার মাধ্যমে অপরাধীদের দ্রুততম সময়ে শনাক্ত করে ব্যবস্থা নেয়া সম্ভব হচ্ছে। সম্প্রতি এই সিসি ক্যামেরার ফুটেজ দেখে তিনজন চোরকে শনাক্ত করে তাদের কাছ থেকে চোরাইকৃত টাকা উদ্ধার করে প্রকৃত মালিককে ফেরত দিয়েছি। হাটের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসি ক্যামেরা বসানোর সুফল পেতে শুরু করেছে স্থানীয়রা।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান বলেন, ওই ইউনিয়নে সিসি ক্যামেরা থাকার ফলে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা সহজে উদঘাটন করা সম্ভব হচ্ছে। উপজেলার বাজার, পাড়া, মহল্লায় সিসি ক্যামেরা স্থাপন করতে স্থানীয়দের উদ্বুদ্ধ করা হচ্ছে। সকল এলাকা সিসি ক্যামেরার আওতায় আসলে উপজেলায় অপরাধ কমে যাবে।