প্রবীণ রাজনীতিবিদ সিরাজুল আলম খান আর নেই

মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান সংগঠক, রাজনীতির রহস্যপুরুষ সিরাজুল আলম খান (দাদাভাই) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে নিশ্চিত করেছেন হাসপাতালটির পরিচালক ব্রি. জে. নাজমুল হক।

সিরাজুল আলম খান দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানান সমস্যায় ভুগছিলেন। গত ২০ মে তিনি শ্বাসকষ্ট নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এরপর তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল।

রাজনীতির ‘রহস্য পুরুষ’ খ্যাত সিরাজুল আলম খান একজন চিরকুমার। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে কাটিয়ে বর্তমানে তিনি রাজধানীর কলাবাগানে ভাইদের সঙ্গে থাকতেন। ষাটের দশকে স্বাধীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্রলীগের যে ‘নিউক্লিয়াস’ আলোচনায় আসে, তার উদ্যোক্তা ছিলেন তিনি। স্বাধীনতার পর আওয়ামী লীগ ভেঙে জাসদ গঠনের উদ্যোক্তাও ছিলেন এই রাজনীতিবিদ। রাজনীতিতে সক্রিয় থাকলেও তিনি কখনও জনসম্মুখে আসতেন না এবং বক্তৃতা-বিবৃতি দিতেন না। আড়ালে থেকেই তৎপরতার জন্য তাকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়। এর ফলে বাংলাদেশের রাজনীতিতে ‘রহস্য পুরুষ’ হিসেবে পরিচিতি পান তিনি।

এমএফ