আনোয়ারায় গণধর্ষণ মামলার আসামি আটক

চট্টগ্রামের আনোয়ারায় চার তরুণ কর্তৃক ইন্সুরেন্স কর্মীকে গণধর্ষণ মামলার এজাহারনামীয় ধর্ষক মো. আরিফকে (২৫) আটক করেছে র‌্যাব।

সোমবার (৫ জুন) মহানগরের কোতোয়ালী থানার আসকার দিঘীর দক্ষিণ পাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

মঙ্গলবার (৬ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-৭ এ তথ্য জানায়।

আটক মো. আরিফ আনোয়ারা থানার গুনদ্বীপ এলাকার মো. জাফরের ছেলে।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভুক্তভোগী একটি ইন্সুরেন্স কোম্পানীতে চাকুরীর সুবাধে আনোয়ারা এলাকায় বসবাস করে আসছে। গত ২৪ মে ভুক্তভোগী তার বাসা থেকে মাজার জিয়ারতের উদ্দেশ্যে বের হলে রাত সাড়ে ১০টায় বারশত এলাকা থেকে একটি সিএনজি অটো রিকশায় উঠেন। সিএনজি চালক মো. নঈম কিছুদূর যাওয়ার পর পথিমধ্যে আরিফ, ফরহাদ এবং রাজুকে সিএনজিতে নেয়। পরে সিএনজি চালক এবং তার সহযোগী ৩জন ভুক্তভোগীকে একটি পরিত্যাক্ত বিল্ডিংয়ে নিয়ে গিয়ে রাত আনুমানিক সাড়ে ১১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত জোরপূর্বক গণধর্ষণ করে।

পরে ধর্ষকরা ভুক্তভোগীকে সিএনজি করে নির্জন জায়গায় ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে আনোয়ারা থানায় ওই ৪ ধর্ষককে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে গণধর্ষণ মামলার আসামীরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।

র‌্যাব আরও জানায়, র‌্যাব গোয়েন্দা নজরদারীর এক পর্যায়ে গোপন সূত্রে জানতে পারে যে, ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামী আরিফ চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার আসকার দিঘীর দক্ষিণ পাড় এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব মঙ্গলবার (৫ জুন) ওই স্থানে অভিযান চালিয়ে আসামী মো. আরিফকে (২৫) আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে আটক আসামী গণধর্ষণ মামলার ঘটনার সাথে জড়িত এজাহারনামীয় পলাতক আসামি বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। আটক আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।