চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবৈধভাবে সড়কের জায়গা দখল করে গাছ রেখে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে এক করাতকলকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৫) জুন বিকেল ৫ টায় হাইলধর মালঘর বাজারস্থ এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন এই জরিমানা করেন।
অভিযানের বিষয়ে তিনি বলেন, স্থানীয় লোকজনের অভিযোগের প্রেক্ষিতে হাইলধর এলাকার মালঘর বাজারে করাতকলের গাছ রাস্তায় ফেলে রাখা হয়। যার ফলে ১টি সড়ক দূর্ঘটনারও শিকার হতে হয়েছে।
অভিযানে দেখা যায়, একাধিক কাঠ ও করাতকল অবৈধভাবে সড়কের পাশে গাছ রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে। এতে করে জনসাধারণের চলাচল ব্যাহত হওয়াসহ যে কোন দূর্ঘটনার আশংকা ছিল। তাই করাতকলের মালিক মোঃ জহির পিতা- মোঃ ইদ্রিস কে করাতকল বিধিমালা অনুযায়ী আইন লংঘন এবং গণ-উপদ্রব সৃষ্টি করার জন্য দন্ডবিধি ১৮৬০ অনুযায়ী ১০,০০০/- অর্থদণ্ড প্রদান করা হয়।