চট্টগ্রামের হাটহাজারীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংর্ঘষে চালকসহ ২০ যাত্রী আহত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ মে) সকাল ৯ টার সময় হাটহাজারী-নাজিরহাট মহাসড়কের ধলই ইউনিয়নের বালুরটাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে যাত্রীবাহী একটি বাস (চট্টমেট্রো- জ-১১-১৫৪৭) ফটিকছড়ি থেকে চট্টগ্রাম নগরীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে ধলই ইউনিয়নের বালুরটাল এলাকায় পৌঁছলে বিপরীতে দিক থেকে আসা একটি মাইক্রোবাসের (চট্টমেট্রো – জ- ১১-৬৬৭৭) সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এ সময় মাইক্রোবাসের চালক ভিতরে আটকে পড়ে।
পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে অবহিত করলে, তারা ঘটনাস্থলে এসে চালকে আহত অবস্থায় উদ্ধার করে। সংবাদ পেয়ে নাজিরহাট হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটিকে আটক করে।
আহতদের মধ্যে কয়েকজন হলেন- জাহেদ (২৩), শাহিদুল (১৩), পংকজ (৪০), নুর জাহান (৫৫), বাহাদুর (৩৮) নিহা (৬) ও জসিম (৩০)। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
নাজিরহাট হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক আনিসুল রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আটকে থাকা মাইক্রোবাসের চালককে উদ্ধারে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসি। তার মাথায় আঘাত লাগায় গুরুত্বর আহত অবস্থায় উন্নত চিকিৎসার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।