লামায় বন্য হাতির আক্রমণে যুবকের মৃত্যু

বান্দরবানের লামায় বন‌্য হাতির আক্রমণে আকতার হোসেন (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার (৭ মে) রাত আড়াইটার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের কুমারির চাককাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আকতার হোসেন (৩৮) ফাঁসিয়াখালীর মৃত ছিদ্দিক আহম্মদের ছেলে।

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, বাড়ির পার্শ্ববর্তী জমির পাকা ধান কেটে মাড়ানোর জন্য আঙ্গিনায় স্তুপ করে রাখা রাস্তায় গভীর রাতে বন‌্য হাতি হানা দেয়। ওই সময় আকতার হাতির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে হাতির আক্রমণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লামা বন বিভাগীয় বন কর্মকর্তা মো. আরিফুল হক বেলাল জানান, ঘটনাস্থলে বন বিভাগের লোক গেছেন। আইনি প্রক্রিয়া শেষে ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে।

লামা থানার পুলিশ উপ-পরিদর্শক মো. নাহিদ জানান, পুলিশ লাশ উদ্ধার ক‌রে‌ছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।