চট্টগ্রামের রাউজানে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি শুটার গান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে র্যাব-৭।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টার দিকে উপজেলার ৭ নম্বর রাউজান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রাউজান সাকিনের জুরুরকুল বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, জুরুরকুল বাজার এলাকায় কালু মিয়ার খড়ের গাদার পাশে একটি আগ্নেয়াস্ত্র পড়ে রয়েছে। পরে র্যাবের একটি দল ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি এলজি শুটার গান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করে।
র্যাব আরও জানায়, উদ্ধার করা অস্ত্র ও কার্তুজের সঙ্গে কোনো ব্যক্তি বা চক্রের সংশ্লিষ্টতা পাওয়া গেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধার করা অস্ত্র ও কার্তুজ রাউজান থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।