বিএসআরএমের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সদস্যদের উন্নত, আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পার্কভিউ হসপিটাল লিমিটেড ও বিএসআরএমের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) পার্কভিউ হসপিটাল লিমিটেডের বোর্ডরুমে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
সমঝোতা স্মারকের আওতায় বিএসআরএমের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সদস্যরা পার্কভিউ হসপিটাল লিমিটেডের বিশেষায়িত চিকিৎসাসেবা, আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও বিভিন্ন স্বাস্থ্যসেবা সুবিধা গ্রহণের সুযোগ পাবেন।
অনুষ্ঠানে বিএসআরএমের পক্ষে উপস্থিত ছিলেন কর্পোরেট সার্ভিস প্রধান মো. ইসমাঈল, এডমিন ম্যানেজার মো. নুরুউদ্দিন তালুকদার ও এক্সিকিউটিভ রাজিব দাশসহ অন্যান্য কর্মকর্তারা।
পার্কভিউ হসপিটাল লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার (অ্যাডমিন) তালুকদার জিয়াউর রহমান শরীফ, ম্যানেজার (মার্কেটিং ও ব্র্যান্ড) মো. জাহেদুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিজাম উদ্দীন, এক্সিকিউটিভ মশিউর রহমান শরীফ এবং কর্পোরেট অফিসার হেলাল পারভেজসহ অন্যান্য কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ সমঝোতা স্মারকের মাধ্যমে পার্কভিউ হসপিটাল লিমিটেড ও বিএসআরএমের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে। পাশাপাশি বিএসআরএমের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সদস্যরা বিশেষ সুবিধায় পার্কভিউ হসপিটালের আধুনিক ও বিশেষায়িত স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন।