চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিভাগের একটি অনুষ্ঠানের ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফুল ইসলাম (১৯) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতের এ ঘটনায় নিহত আরিফুল বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায়। তিনি শহীদ আবদুর রব হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১০টার দিকে শহীদ আবদুর রব হলের প্রধান ফটকের ওপর একটি ব্যানার টাঙাতে ওঠেন আরিফুল। এ সময় ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে হলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে শিক্ষার্থীরা তাকে উদ্ধার করেন।
গুরুতর অবস্থায় আরিফুলকে প্রথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য নগরীর হাসপাতালে নেওয়া হচ্ছিল। পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোসাম্মৎ রাশেদা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের চিকিৎসক ডা. আবু তৈয়ব জানান, গুরুতর অবস্থায় শিক্ষার্থীকে চিকিৎসাকেন্দ্রে আনা হয়েছিল এবং উন্নত চিকিৎসার জন্য দ্রুত স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়।
আরিফুল বিশ্ববিদ্যালয়ের একজন সক্রিয় ক্রীড়াবিদও ছিলেন। বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৮০০ মিটার দৌড়ে প্রথম এবং ৫ হাজার মিটার দৌড়ে দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন তিনি। আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিকস প্রতিযোগিতায়ও ৮০০ মিটার দৌড়ে দ্বিতীয় হন।
তার আকস্মিক মৃত্যুতে সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।