ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তরুণ অভিনয়শিল্পী সাবরিন আজাদ। তার ভাষ্য, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেশের সিনেমার প্রতিনিধিত্ব করতে যাওয়া একজন শিল্পীর সঙ্গে দেশের পরিচয়ও জড়িয়ে থাকে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে সাবরিন লেখেন, আন্তর্জাতিক কোনো চলচ্চিত্র উৎসবে দেশের সিনেমার প্রতিনিধিত্ব করতে গেলে একজন শিল্পীর রাজনৈতিক মতাদর্শ, জাতি কিংবা ধর্মীয় পরিচয় তখন মুখ্য নয়। তার কাছে গুরুত্বপূর্ণ হলো, ওই শিল্পী বাংলাদেশের সিনেমার প্রতিনিধিত্ব করছেন।
‘বনলতা এক্সপ্রেস’-এর এই অভিনেত্রী আরও বলেন, বিশ্বমঞ্চে দেশের সিনেমা কিংবা ইতিবাচক কোনো কিছুর প্রতিনিধিত্ব করার গুরুত্ব সবার জানা নাও থাকতে পারে। তবে বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন না করার বিষয়ে সবার ন্যূনতম সচেতনতা থাকা প্রয়োজন।
হামলার ঘটনাকে দেশের ভাবমূর্তির জন্য ক্ষতিকর উল্লেখ করে সাবরিন বলেন, এতে দেশের মর্যাদার চেয়ে রাজনৈতিক দলীয় পরিচয়কে বেশি গুরুত্ব দেয়ার বিষয়টি সামনে এসেছে।
বাংলাদেশিদের বিদেশে ভিসা পাওয়া এবং দেশের পাসপোর্টের অবস্থান নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। সাবরিনের ভাষ্য, বিভিন্ন দেশে বাংলাদেশিদের ভিসা পাওয়া এরই মধ্যে কঠিন হয়ে উঠেছে। এর মধ্যে বিদেশের মাটিতে রাজনৈতিক বিরোধের জেরে এ ধরনের ঘটনা দেশের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
পোস্টের শেষাংশে বিদেশে বাংলাদেশি নারীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ জানান সাবরিন। তার মতে, রাজনৈতিক মতবিরোধের জেরে দেশের মানুষ বিদেশের মাটিতে নিজেদের দেশের নারীদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠলে এর প্রভাব শুধু সংশ্লিষ্ট ব্যক্তির ওপর নয়, দেশের ভাবমূর্তির ওপরও পড়ে।