বক্স অফিস কাঁপাচ্ছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড গড়ছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। সিনেমাটি বক্স অফিসের ইতিহাসে দ্রুততম সময়ে ২ বিলিয়ন ডলার আয় করা সিনেমার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে।
সর্বশেষ হিসাবে, ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’র বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে ২.০২২ বিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৪ হাজার ৮০০ কোটি টাকার সমান। ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর পর এটিই সবচেয়ে দ্রুত ২ বিলিয়ন ডলারের মাইলফলক ছোঁয়া সিনেমা।
৩১ জুলাই ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড গড়ছে সিনেমাটি। মুক্তির প্রথম সপ্তাহে বিশ্বব্যাপী ১ বিলিয়ন ডলার আয় করেছিল ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, আর মাত্র ১৭ দিনেই পৌঁছে গেল দ্বিগুণ অঙ্কে।
সিনেমাটির এই সাফল্য শুধু ‘স্পাইডার-ম্যান’ সিরিজের জন্য নয়, পুরো হলিউডের জন্যও গুরুত্বপূর্ণ।
মার্ভেল স্টুডিওস ও সনি পিকচার্সের যৌথ প্রযোজনার ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ পরিচালনা করেছেন ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন। পিটার পার্কার চরিত্রে ফিরেছেন টম হল্যান্ড, আর জেন্ডায়া রয়েছেন এমজে চরিত্রে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন স্যাডি সিঙ্ক, জ্যাকব ব্যাটালন, জন বার্নথাল ও মার্ক রাফালো।