পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’

এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন ও ভবিষ্যৎ পথচলায় উৎসাহ দিতে পার্কভিউ হসপিটাল লিমিটেডের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘SSC-2026 Success Celebration’।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টায় হাসপাতালের ১২তম তলার কনফারেন্স হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পার্কভিউ হসপিটাল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ডা. এ. টি. এম. রেজাউল করিম।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অ্যানেস্থেসিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. মোহাম্মদ হারুন অর রশীদ, সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ রেজাউল করিম, সহকারী অধ্যাপক ডা. তফিকুর নাহার মোনা ও কনসালট্যান্ট ডা. সাইমা আলম।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্কভিউ হসপিটালের কমপ্লায়েন্স ডিরেক্টর ডা. সালাহউদ্দিন এম. এ. এইচ. চৌধুরী এবং জেনারেল ম্যানেজার (অ্যাডমিনিস্ট্রেশন) তালুকদার জিয়াউর রহমান শরীফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাসপাতালের ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড) মো. জাহেদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ডা. এ. টি. এম. রেজাউল করিম বলেন, এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল শিক্ষার্থীদের জীবনের গুরুত্বপূর্ণ একটি মাইলফলক। তবে এ অর্জনকে থেমে থাকার জায়গা হিসেবে না দেখে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হিসেবে নিতে হবে। বড় স্বপ্ন দেখতে হবে এবং তা বাস্তবায়নে অধ্যবসায়, সততা ও নৈতিক মূল্যবোধ ধারণ করতে হবে।

তিনি বলেন, শুধু ভালো ফলাফল নয়, একজন ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলাই জীবনের প্রকৃত সাফল্য। শিক্ষার্থীদের সাফল্য উদযাপনের পাশাপাশি ভবিষ্যৎ পথচলায় তাদের পাশে থাকা ও উৎসাহ দেওয়া সামাজিক দায়িত্ব। পার্কভিউ হসপিটাল ভবিষ্যতেও এ ধরনের ইতিবাচক ও অনুপ্রেরণামূলক উদ্যোগ অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে অতিথিরা এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। একই সঙ্গে জ্ঞানার্জনের পাশাপাশি মানবিক মূল্যবোধ, সততা ও নৈতিকতাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে ধারণ করার আহ্বান জানান।

শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষার্থীদের অর্জনকে সম্মান জানানো এবং ভবিষ্যৎ পথচলায় নতুন স্বপ্ন ও আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।