বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে নিরাপদ ধাতু হিসেবে চড়চড় করে বেড়েছে স্বর্ণের দাম। বাজুসের হিসেবে, বাংলাদেশে রোববার (৩০ আগস্ট) ১০ গ্রাম স্বর্ণের দাম ২ লাখ ৬ হাজার ৩০০ টাকা। বাজারে নিত্যদিনের খরচ সামলে মধ্যবিত্তের সামর্থকে যখন চ্যালেঞ্জ জানাচ্ছে এই মূল্যবান ধাতু। তখন বাংলাদেশ-ভারত সীমান্তে এক বা ১০ লাখ নয় একেবারে প্রায় ৩২ কোটি টাকার স্বর্ণ বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
বিএসএফ এক প্রেস বিবৃতিতে রোববার জানায়, দর্শনা সীমান্তের কাছে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার বানিপুর বর্ডার আউটপোস্ট এলাকায় বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণের স্বর্ণ। রোববার ভোররাতে বিএসএফের ৩২ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা নিয়মিত টহল দেয়ার সময় সন্দেহভাজন এক নারীকে আটক করে।
ওই নারীর দেহ তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ১৫ কেজি ৬০৭ গ্রাম স্বর্ণের বিস্কুট। যার ভারতে আনুমানিক বাজার মূল্য ২৪ কোটি ৯৫ লাখ ৫৬ হাজার রুপি (প্রায় ৩২ কোটি টাকা)।
স্বর্ণ পাচারের ঘটনায় এররেই ওই নারীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন বিএসএফ’র কর্মকর্তারা। পরে বিকালে তাকে তুলে দেয়া হয় স্থানীয় থানার পুলিশের হাতে। এই পাচারচক্রের সঙ্গে আর কারা জড়িত, কোথা থেকে স্বর্ণ আনা হয়েছিল এবং কোথায় তা পাচারের পরিকল্পনা ছিল—তা খতিয়ে দেখা হচ্ছে।
স্বর্ণের বড় এই চালান আটক হবার পর সীমান্তে চোরাচালান রুখতে বর্তমানে নজরদারি আরও জোরদার করেছে বিএসএফ। এই বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধারের ঘটনায় ফের সক্রিয় কোনও বড় পাচারচক্রের হদিস মিলতে পারে বলেই মনে করছেন তদন্তকারীরা।