নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফেরা হলো না, মিরসরাইয়ে প্রাণ গেল দুই বন্ধুর

নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়তাকিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মঘাদিয়া ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে তালাত মাহমুদ শুভ (২২) এবং ফকিরপাড়া এলাকার প্রবাসী শেখ ফরিদের ছেলে আব্দুল্লাহ আল ওমর (২১)

স্থানীয়রা জানান, বারৈয়ারহাট বাজার থেকে নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফিরছিলেন শুভ ও ওমর। তারা বড়তাকিয়া গেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির লরির সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে ঘটনাস্থলেই শুভ মারা যান। গুরুতর আহত অবস্থায় ওমরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

দুই বন্ধুর এমন মর্মান্তিক মৃত্যুতে মঘাদিয়া ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।