চট্টগ্রামের রাউজান উপজেলায় চারটি খাদ্য প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চট্টগ্রাম জেলা কার্যালয়।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাউজান উপজেলায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. রাহাতুল ইসলাম।
অভিযানে আল আকসা বেকারিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটিতে অনুমোদনহীন রঙ ব্যবহার, লেবেলবিহীন ও মেয়াদোত্তীর্ণ বেকারি পণ্য সংরক্ষণ, নির্ধারিত পদ্ধতিতে খাদ্য লেবেলিং না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং প্রয়োজনীয় ব্যবসায়িক ও মান নিয়ন্ত্রণসংক্রান্ত সনদ ছাড়া পণ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এছাড়া বিস্কুটে হাইড্রোজ ব্যবহারেরও অভিযোগ পাওয়া যায়। নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
আজমীর হোটেলকে একই আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি অনিবন্ধিত অবস্থায় পরিচালিত হওয়া, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশন, খোলা অবস্থায় প্রস্তুত খাবার রাখা এবং রান্নাঘরে তেলাপোকা, মশা-মাছির উপস্থিতি পাওয়া যায়। ফ্রিজে পচা ও বাসি খাবার সংরক্ষণেরও প্রমাণ মেলে।
এদিকে গাউছিয়া হোটেলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির রান্নাঘরের পরিবেশ অস্বাস্থ্যকর, মেয়াদোত্তীর্ণ কোমল পানীয়, কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে রাখা এবং যথাযথ লেবেল ছাড়া দই, ফিরনিসহ বিভিন্ন খাবার সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। রান্না করা খাবার খোলা অবস্থায় মেঝেতে রাখারও প্রমাণ মেলে।
একই আইনে আপন বাড়ি রেস্তোরাঁকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটিতে নিম্নমানের খাদ্যপণ্য ব্যবহার, খাদ্যকর্মীদের যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করা, কাঁচা ও রান্না করা খাবার যথাযথ প্যাকেজিং ও লেবেলিং ছাড়া একসঙ্গে সংরক্ষণ এবং খোলা অবস্থায় রান্না করা খাবার মেঝেতে রাখার মতো অনিয়ম পাওয়া যায়।
অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. ইয়াছিনসহ সংশ্লিষ্ট সাপোর্ট স্টাফরা উপস্থিত ছিলেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।