চট্টগ্রাম বন্দরে নিলাম-অযোগ্য ১২৬ কনটেইনার পণ্য ধ্বংসের উদ্যোগ

চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন পড়ে থাকা নিলাম-অযোগ্য, নিম্নমানের ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংসের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস। এর অংশ হিসেবে ১২৬টি কনটেইনারে থাকা মোট ৩.২৬৮ মেট্রিক টন পণ্য পরিবেশসম্মত উপায়ে ধ্বংস করা হচ্ছে।

ধ্বংসযোগ্য পণ্যের মধ্যে রয়েছে ৩৪ কনটেইনার নিম্নমানের খেজুর, ৪০ কনটেইনার মেয়াদোত্তীর্ণ সোডা অ্যাশ, ১৮ কনটেইনার মেয়াদোত্তীর্ণ ফিড গ্রেড লাইমস্টোন। এছাড়া কমলা, পেঁয়াজ, কাজুবাদামসহ বিভিন্ন পচনশীল ও নষ্ট পণ্যও রয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (২৫ আগস্ট) এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ আগস্ট সকাল ১০টা থেকে চট্টগ্রাম বন্দর রিপাবলিক ক্লাবের পেছনে নির্ধারিত স্থানে এসব পণ্য ধ্বংসের কার্যক্রম শুরু হয়েছে। কার্যক্রমটি নিরবচ্ছিন্নভাবে চলছে।

ধ্বংসকাজে নিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিজিবি, আনসার সদস্য এবং স্থানীয় বন্দর থানা পুলিশের একটি দল সরেজমিনে উপস্থিত থেকে প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে।

এনবিআর আশা করছে, দীর্ঘদিন পড়ে থাকা পচনশীল ও ক্ষতিকর পণ্য ধ্বংসের এ উদ্যোগ চট্টগ্রাম বন্দরের কনটেইনার জট নিরসনে কার্যকর ভূমিকা রাখবে। বন্দরের নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সহযোগিতায় নিলাম-অযোগ্য ও ধ্বংসযোগ্য পণ্য পর্যায়ক্রমে ধ্বংসের কার্যক্রম জরুরি ভিত্তিতে অব্যাহত থাকবে।