চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় নগরবাসীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। একই সঙ্গে বিভিন্ন অনিয়মের দায়ে ১১টি মামলা করে মোট ৪৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া সড়কে রাখা নির্মাণসামগ্রী জব্দ এবং ড্রেনের ওপর নির্মিত দোকান অপসারণ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে পাওয়া অভিযোগসহ অন্যান্য নাগরিক অভিযোগের ভিত্তিতে নগরের বড়পোল, এনায়েত বাজার ও দেবপাহাড় এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা-৪ (আনিক-০৪)-এর নেতৃত্বে বড়পোল এলাকায় পরিচালিত অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা প্রায় শতাধিক অবৈধ দোকান ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়। এতে পথচারীদের চলাচলের জন্য ফুটপাত উন্মুক্ত করার পাশাপাশি সড়কে যান চলাচলে সৃষ্ট প্রতিবন্ধকতাও দূর করা হয়।
অভিযানকালে অপরিচ্ছন্ন পরিবেশে দোকান পরিচালনা এবং মশার লার্ভা উৎপাদনের অনুকূল পরিবেশ সৃষ্টির দায়ে সাতজনের বিরুদ্ধে মামলা করা হয়। তাদের কাছ থেকে ৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। ট্রেড লাইসেন্সের মেয়াদ না থাকায় আরও দুইজনের বিরুদ্ধে পৃথক মামলা করে ১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
এ ছাড়া সড়কের ওপর নির্মাণসামগ্রী রেখে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে একজনের বিরুদ্ধে মামলা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে পাওয়া অভিযোগের ভিত্তিতে এনায়েত বাজার এলাকায় অভিযান চালিয়ে অবৈধ দখল উচ্ছেদ করা হয়। এ সময় বিভিন্ন দোকান থেকে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড আদায় এবং সড়কে রাখা বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়।
একই অভিযোগের ভিত্তিতে দেবপাহাড় এলাকায় ড্রেনের ওপর নির্মিত সব দোকানও অপসারণ করা হয়েছে।
চসিক সূত্র জানায়, নগরবাসীর অভিযোগকে গুরুত্ব দিয়ে ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপের মাধ্যমে পাওয়া নাগরিক সমস্যা ও অনিয়মের বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি নগরের সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখা, পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং জনস্বাস্থ্য ও নাগরিক পরিবেশ সুরক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
নগরের শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে অবৈধ দখল, অপরিচ্ছন্নতা এবং জনদুর্ভোগ সৃষ্টিকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে চসিকের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।