চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের মালিকানাধীন ট্রিটমেন্ট হাসপাতাল পরিদর্শনে গিয়ে নানা অনিয়ম খুঁজে পেয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। সচেতনতা সৃষ্টিমূলক অভিযানে গিয়ে সিডিএ’র চোখে পড়ে, পুরো হাসপাতালের মেডিকেল বর্জ্য জমানো হয়েছে হাসপাতালের পার্কিং লটে। কর্তৃপক্ষের কাছে সিডিএ অনুমোদিত নকশা দেখতে চাইলে তারা তা দেখাতে পারেনি।
আজ সোমবার (২৪ আগস্ট) চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকার ট্রিটমেন্ট হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠানে সচেতনতা সৃষ্টিমূলক অভিযান চালায় সিডিএ। সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ট্রিটমেন্ট হাসপাতালে অভিযানের ব্যাপারে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, সিডিএ’র নকশা বহির্ভূত অবকাঠামো, নকশা পরিবর্তন করে ভবন নির্মাণ ,ব্যবস্থাপনা না মেনে হাসপাতাল পরিচালনা, আবাসিক ভবনে বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিচালনা করা হচ্ছে। চট্টগ্রামকে যানজটমুক্ত করার লক্ষ্যে ভবনের নকশায় পার্কিং লটের অনুমোদন দেয়া হয়েছে। অথচ তারা তা না মেনে পার্কিং লটকে অন্য কাজে ব্যবহার করছে।
সিডিএ’র চেয়ারম্যান আরও বলেন, আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, আমরা কোনো গোষ্ঠীর বিরুদ্ধে নয়। যেসকল প্রতিষ্ঠান অনিয়মতান্ত্রিক ভাবে হাসপাতাল পরিচালনা করছে আমরা তাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছি। কোনো বিশেষ হাসপাতালকে বাদ দেয়ার সুযোগ নেই। ট্রিটমেন্ট হাসপাতালে অনিয়ম খুঁজে পাওয়া গেছে, তাদেকে একমাস সময় বেঁধে দেয়া হয়েছে। এই একমাসের ভিতরে তাদেরকে হাসপাতাল অন্যত্র স্থানান্তর করতে হবে। তাছাড়া তাদেরকে বলা হয়েছে, আজ দুপুরের মধ্যে ড্রয়িং ডিজাইন নিয়ে আমাদের সাথে দেখা করার নির্দেশনা দেয়া হয়েছে। পাশাপাশি আবাসিক ভবনে একটি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করা হচ্ছে। তাদের কোনো নিজস্ব পার্কিং ব্যবস্থাও নেই। স্কুল কর্তৃপক্ষকে নির্দেশনা দেয়া হয়েছে আগামী একমাসের মধ্যে অন্যত্র চলে যাওয়ার।
অভিযানের সময় শেভরণ হাসপাতাল, ল্যানসেট হাসপাতাল, আল হিদায়াহ মাদ্রাসাসহ ব্লসম অপটিকসহ পাঁচলাইশ এলাকার অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানে সচেতনতা সৃষ্টিমূলক অভিযান পরিচালনা করা হয়। এসময় সিডিএ’র কর্মকর্তাসহ সংশ্লিষ্ট হাসপাতাল,স্কুল কর্তৃপক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।