পূবাইলে ফাঁকা বাসায় দুর্ধর্ষ চুরি, ৫ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

 

গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন এলাকায় এক সরকারি বাসায় দুর্ধর্ষ চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় ৫ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার, পোশাক ও নগদ টাকা চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, ভুক্তভোগী আবুল কালাম তানভীর (৩০) একজন চাকরিজীবী। তিনি পূবাইল থানাধীন ৪১ নম্বর ওয়ার্ডের বসুগাও এলাকার আলী হোসেনের বাসায় স্ব-পরিবারে ভাড়ায় বসবাস করেন।
গত ২১ আগস্ট বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে তিনি পরিবারের সদস্যদের নিয়ে বাসায় তালা লাগিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে যান। পরে ২৩ আগস্ট সকাল আনুমানিক ৮টার দিকে ভাড়াকৃত বাসায় ফিরে তিনি দেখতে পান, ঘরের এডজাস্ট ভ্যানের দরজা ভাঙা এবং কক্ষের জানালার গ্রিল খোলা।
পরে ঘরের ভেতরে থাকা ওয়ারড্রপ খুলে দেখা যায়, সেখানে রাখা প্রায় দুই ভরি স্বর্ণের গহনা, যার আনুমানিক মূল্য ৪ লাখ টাকা, নতুন কাপড়চোপড় যার মূল্য প্রায় ২৫ হাজার টাকা এবং নগদ ৭৫ হাজার টাকা পাওয়া যাচ্ছে না।
ভুক্তভোগীর অভিযোগ, অজ্ঞাতনামা চোর বা চোরেরা বাসার তালা ও জানালার গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে এসব মালামাল নিয়ে গেছে। চুরি যাওয়া মালামাল উদ্ধারের পাশাপাশি জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি।
এ বিষয়ে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে বলে জানা গেছে।