অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
রবিবার (২৩ আগস্ট) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রী।
এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, যাত্রীদের ভালো সেবা নিশ্চিত করতে কাজ করা হচ্ছে। মন্ত্রণালয়ের সব বিভাগকে লাভজনক করার লক্ষ্য রয়েছে। সবাইকে একসাথে কাজ করতে হবে। কেউ যেন বলতে না পারে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ‘লুজিং কনসার্ন’।
তিনি বলেন, ইতোমধ্যে যাত্রী হয়রানি বন্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্যাগেজ কাটা বন্ধ করা হয়েছে। তবে বিমানে যাত্রী হয়রানি পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি। জনগণের প্রত্যাশা অনুযায়ী বিমানকে গড়ে তুলতে কাজ চলছে।
মন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে না পারলে সম্মানের সাথে চলে যেতে হবে। যারা ভালো কাজ করবেন, তাদের পুরস্কৃত করা হবে। বিমানের খাবারের মানও উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিমানকে ঘিরে মানুষের মধ্যে ইতিবাচক ধারণা তৈরি করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।