ফেনীতে মাদকবিরোধী অভিযানে ১৮ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৭। এ সময় তাদের কাছ থেকে গাঁজা পরিবহনে ব্যবহৃত দুটি ট্রলি ও ট্রাভেল ব্যাগ জব্দ করা হয়।
শুক্রবার (২১ আগস্ট) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে ফেনী সদর থানার মোহাম্মদ আলী বাজার এলাকার এস রহমান ফিলিং অ্যান্ড সিএনজি স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব-৭ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কয়েকজন মাদক কারবারি গাঁজা নিয়ে ওই এলাকায় অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আজিজুর রহমান (২৫) ও মো. দূর (২১) নামে দুজনকে আটক করা হয়।
আটক আজিজুর রহমান কক্সবাজারের রামু থানার শিয়া পাড়া এলাকার নূরুল ইসলামের ছেলে। অপর আটক মো. দূর একই থানার পানের ছড়া এলাকার মৃত মো. রফিকের ছেলে।
পরে তাদের সঙ্গে থাকা একটি কফি রঙের ট্রলি ব্যাগ ও একটি কালো রঙের ট্রাভেল ব্যাগে তল্লাশি চালানো হয়। এ সময় বিশেষ কায়দায় রাখা ১৮ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। র্যাবের দাবি, উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৮০ হাজার টাকা।
আটক দুই ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে উদ্ধার করা গাঁজাসহ তাদের ফেনী সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-৭।