অপরাধ দমনে চট্টগ্রাম জেলা পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির

মাদকবিরোধী অভিযান জোরদার, প্রযুক্তিনির্ভর পুলিশিং ও জনবান্ধব সেবা নিশ্চিতের তাগিদ

অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান জোরদার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম জেলা পুলিশকে আরও সক্রিয়, পেশাদার ও প্রযুক্তিনির্ভরভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম।

সোমবার চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয় পরিদর্শনকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলার সব থানার অফিসার ইনচার্জদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব নির্দেশনা দেন।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধের ধরন ও প্রবণতা, বিভিন্ন মামলার পরিসংখ্যান, তদন্ত ও নিষ্পত্তির অগ্রগতি এবং মাদকবিরোধী কার্যক্রম পর্যালোচনা করা হয়।

ডিআইজি বলেন, মাদক নির্মূলে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারি আরও জোরদার করতে হবে। পাশাপাশি মাদকের উৎস, সরবরাহকারী ও মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। প্রতিটি থানার নিজ নিজ এলাকার অপরাধ পরিস্থিতি বিশ্লেষণ করে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার জন্য ওসিদের নির্দেশ দেন তিনি।

নারী ও শিশুদের নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দিয়ে আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, থানায় আগত নারী, শিশু, ভুক্তভোগী ও সাধারণ মানুষের সঙ্গে পুলিশ সদস্যদের সৌজন্যপূর্ণ ও মানবিক আচরণ করতে হবে। দ্রুত ও কার্যকর পুলিশি সেবা নিশ্চিত করার পাশাপাশি গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত দ্রুত শেষ, গ্রেপ্তারি পরোয়ানা তামিল এবং জনগণের অভিযোগ দ্রুত নিষ্পত্তির ওপরও গুরুত্ব দেন তিনি।

ডিআইজি বলেন, জনগণের আস্থা অর্জনই জনবান্ধব পুলিশিংয়ের অন্যতম প্রধান লক্ষ্য। পুলিশের প্রতিটি সদস্যকে সততা, পেশাদারিত্ব, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

মতবিনিময় সভায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করছে।

তিনি জানান, মাদক, কিশোর অপরাধ, চুরি-ছিনতাই, ডাকাতি ও সাইবার অপরাধের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে। নারী ও শিশু নির্যাতনসহ সংবেদনশীল মামলায় দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভুক্তভোগীদের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করা হবে।

থানাকে জনগণের আস্থার কেন্দ্রে পরিণত করতে পুলিশি সেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব নিশ্চিত করার কথাও জানান জেলা পুলিশ সুপার।

সভায় নারী ও শিশুবান্ধব পুলিশিং, ভুক্তভোগীবান্ধব সেবা, বিট পুলিশিং জোরদার এবং জনগণের সঙ্গে নিয়মিত মতবিনিময়ের মাধ্যমে জনবান্ধব ও সেবামুখী পুলিশিং ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়।

পরিদর্শন ও মতবিনিময় শেষে ডিআইজি চট্টগ্রাম জেলা পুলিশের সদস্যদের নিষ্ঠা, সততা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।