মিয়ানমারে পাচারের সময় সিমেন্ট-সার জব্দ, ফিশিং বোট আটক
কুতুবদিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ২৫০ বস্তা সিমেন্ট ও ৬০ বস্তা সার উদ্ধার
কক্সবাজারের কুতুবদিয়ায় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ সিমেন্ট ও সার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি ফিশিং বোটও আটক করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি জানান।
তিনি বলেন, রোববার (১৬ আগস্ট) দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের কুতুবদিয়া থানাধীন দক্ষিণ কুতুবদিয়া চ্যানেলে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন কুতুবদিয়া। এ সময় সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ২৫০ বস্তা সিমেন্ট ও ৬০ বস্তা সার জব্দ করা হয়।
জব্দ করা পণ্যগুলোর আনুমানিক মূল্য ১ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।
অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। ফলে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরে জব্দ করা সিমেন্ট, সার ও পাচারকাজে ব্যবহৃত ফিশিং বোটের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের ওই কর্মকর্তা বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।