২৬ আগস্ট চট্টগ্রামে ৫৫তম জশনে জুলুস, জনসমাগমের প্রত্যাশা

নেতৃত্ব দেবেন আওলাদে রাসুল (দ.) আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ

পবিত্র ঈদে মিরাদুন্নবী (দ.) উপলক্ষে চট্টগ্রামে আগামী ২৬ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ৫৫তম জশনে জুলুস। আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের আয়োজনে অনুষ্ঠিতব্য এ বর্ণাঢ্য শোভাযাত্রায় এবারও বিপুল জনসমাগম হবে বলে প্রত্যাশা করছেন আয়োজকরা।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে চট্টগ্রাম নগরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আনজুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন।

তিনি জানান, আগামী ২৩ আগস্ট রবিবার ঢাকায় এবং ২৬ আগস্ট বুধবার চট্টগ্রামে বৃহৎ পরিসরে জশনে জুলুস অনুষ্ঠিত হবে। চট্টগ্রামের জুলুসে নেতৃত্ব দেবেন দরবারে সিরিকোটের সাজ্জাদানশিন পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (ম.জি.আ.)। এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাহেবজাদা হজরত সৈয়দ মুহাম্মদ কাসেম শাহ (ম.জি.আ.) ও শাহজাদা সৈয়দ মুহাম্মদ আকিব শাহ (ম.জি.আ.)।

সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ মনজুর আলম। তিনি বলেন, রাসুল (দ.)-এর ধরাপৃষ্ঠে শুভাগমনের দিন আয়োজিত এ জুলুস বিশ্বের বৃহত্তম মিলাদ শোভাযাত্রা হিসেবে পরিচিত। একই সঙ্গে এটি চট্টগ্রামের ইতিহাস ও ঐতিহ্যেরও অংশ হয়ে উঠেছে। তাই এর শরিয়তসম্মত ঐতিহ্য রক্ষা করা সবার দায়িত্ব।

তিনি জুলুসের সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন ও নির্ধারিত স্বেচ্ছাসেবকদের নির্দেশনা অনুসরণের পাশাপাশি আনজুমান ট্রাস্ট ঘোষিত নিয়ম মেনে চলার আহ্বান জানান।

আয়োজকরা জানান, ২৬ আগস্ট সকাল ৮টায় ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা সংলগ্ন আলমগীর খানকা থেকে জুলুস শুরু হবে। নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড় প্রদক্ষিণ করে জুলুসটি জামেয়া মাঠে গিয়ে শেষ হবে।

পরে জামেয়া মাঠে মাহফিল, জোহরের নামাজ ও দেশ-জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।

জশনে জুলুসকে কেন্দ্র করে ইতোমধ্যে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে সুসজ্জিত তোরণ, ব্যানার ও ফেস্টুন স্থাপন করা হয়েছে। সড়ক বিভাজক ও সড়কদ্বীপগুলোতে শোভা পাচ্ছে জাতীয় পতাকা ও আনজুমানের পতাকা। মুসল্লিদের সুবিধার্থে মাদরাসা ও আশপাশের এলাকায় শতাধিক অস্থায়ী শৌচাগারও নির্মাণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন আনজুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের অ্যাডিশনাল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস এম গিয়াস উদ্দিন সাকের, ফিন্যান্স সেক্টরের কামরুদ্দিন সবুর, প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি গোলাম মহিউদ্দিন, কেবিনেট সদস্য মোহাম্মদ হোসেন খোকন, পেয়ার মোহাম্মদ কমিশনার, মাহমুদ নেওয়াজ, শাহজাদ ইবনে দিদার, আনজুমান মুখপাত্র অ্যাডভোকেট মোছাহেব উদ্দীন বখতিয়ার, আবদুল হাই মাসুম, আনোয়ারুল হক, প্রফেসর কামাল উদ্দিন, মিডিয়া ডেস্কের যুগ্ম আহ্বায়ক আবু তালেব বেলাল ও সদস্য আবু নাছের মোহাম্মদ তৈয়ব আলীসহ অনেকে।