চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা এলাকায় ২৬টি সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকাল থেকে পর্যায়ক্রমে এসব প্রকল্পের উদ্বোধন করা হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন কর্মসূচির আওতায় স্থানীয় সরকার বিভাগের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচি, কাবিখা, কাবিটা ও টি.আর. প্রকল্পের মাধ্যমে সড়কগুলো বাস্তবায়ন করা হয়েছে।
উদ্বোধন হওয়া প্রকল্পগুলোর মধ্যে ফরহাদাবাদ ইউনিয়নে ২টি, মির্জাপুর ইউনিয়নে ৩টি, ফতেপুর ইউনিয়নে ৫টি, হাটহাজারী পৌরসভায় ২টি, মেখল ইউনিয়নে ২টি, উত্তর মাদার্শা ইউনিয়নে ৩টি, চিকনদণ্ডী ইউনিয়নে ৫টি, শিকারপুর ইউনিয়নে ১টি, দক্ষিণ মাদার্শা ইউনিয়নে ২টি এবং বুড়িশ্চর ইউনিয়নে ১টি সড়ক উন্নয়ন প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে।
সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে এসব এলাকার জনগণ উন্নত যোগাযোগ ব্যবস্থার দাবি জানিয়ে আসছিলেন। নতুন সড়কগুলো চালু হওয়ার ফলে গ্রামীণ জনপদের মানুষের যাতায়াত আরও সহজ হবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় পৌঁছানো এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।
স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, এসব উন্নয়ন প্রকল্পের মাধ্যমে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে এবং গ্রামীণ জনজীবনের মানোন্নয়ন হবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন, বাস্তবায়িত প্রকল্পগুলো হাটহাজারীর সার্বিক অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং স্থানীয় জনগণের দৈনন্দিন কার্যক্রমকে আরও গতিশীল করবে।