গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলম প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
সোমবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার দক্ষিণ ধনুয়া এলাকায় নিজ বাড়িতে তিনি এ ঘোষণা দেন। এ সময় দুধ দিয়ে গোসল শেষে মায়ের মাথায় হাত রেখে ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না থাকার শপথ করেন।
মাহাবুব আলমের ভাষ্য, তিনি দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে সম্প্রতি দলীয় কিছু নেতাকর্মীর সঙ্গে বিরোধ, হয়রানি, মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ এবং দলীয় অনিয়মের প্রতিবাদ করায় বহিষ্কারের শিকার হন। এসব কারণেই রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, দলের বিভিন্ন সময়ে সক্রিয়ভাবে কাজ করলেও শেষ পর্যন্ত নিজের দলের কাছ থেকেই অপমান ও হয়রানির মুখোমুখি হতে হয়েছে। তাই ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হবেন না।
এ বিষয়ে বিএনপির সংশ্লিষ্ট নেতাদের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও সংবাদ প্রকাশ পর্যন্ত তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।