বায়েজিদে টিনের চালে টবে গাঁজা চাষ, ১২টি গাঁজা গাছসহ আটক ১

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার পশ্চিম শাজিনগর এলাকায় একটি বসতঘরের টিনের চালের ওপর টবে গাঁজা চাষের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। এ সময় ১২টি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ওই এলাকায় একটি বসতঘরের টিনের চালের ওপর প্লাস্টিকের টবে গাঁজা গাছ চাষ করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে সোমবার (২৭ জুলাই) রাত প্রায় ১১টায় অভিযান চালানো হয়।

অভিযানে লোকমান হোসেন (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার হায়দ্রাবাদ গ্রামের মৃত হোসেন মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, অভিযানে বসতঘরের টিনের চালের ওপর রাখা দুটি প্লাস্টিকের টব থেকে প্রতিটিতে ছয়টি করে মোট ১২টি গাঁজা গাছ উদ্ধার ও জব্দ করা হয়।

আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে এবং জব্দ করা গাঁজা গাছ বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।