নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীর ডবলমুরিং মডেল থানা পুলিশ হত্যা মামলা দায়েরের মাত্র চার ঘণ্টার মধ্যেই এজাহারভুক্ত সাত আসামিকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, গত ১৫ জুলাই ২০২৬ রাত আনুমানিক ১০টার দিকে নগরীর একটি গ্যারেজে সংঘবদ্ধভাবে প্রবেশ করে কয়েকজন ব্যক্তি সিকিউরিটি গার্ড আবু সিদ্দিকের ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে কিল-ঘুষি ও এলোপাতাড়ি মারধরের পাশাপাশি গ্যারেজে থাকা রিকশার চাকার লোহার রিং দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে ঘটনাস্থলেই আবু সিদ্দিকের মৃত্যু হয়।
পরে মরদেহ গোপন করার উদ্দেশ্যে অভিযুক্তরা গ্যারেজে থাকা একটি মিনি পিকআপে মরদেহ রেখে পালিয়ে যায় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় নিহতের পরিবারের সদস্য মো. আসলাম (৩৪) বাদী হয়ে ডবলমুরিং মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি ডবলমুরিং মডেল থানা মামলা নং-১৩, তারিখ ১৭ জুলাই ২০২৬; পেনাল কোড ১৮৬০-এর ৩০২/২০১/৩৪ ধারায় রুজু করা হয়।
মামলা দায়েরের পরপরই ডবলমুরিং মডেল থানা পুলিশের বিশেষ অভিযান শুরু হয়। অভিযানে মাত্র চার ঘণ্টার মধ্যে এজাহারভুক্ত সাত আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—
- শেখ আহমেদ রুবেল (৩৫)
- মো. সাইফুল ইসলাম (২৭)
- মনিরুজ্জামান মামুন (২৮)
- মো. জামাল উদ্দিন মিজান (৪৫)
- মো. গোলাম রব্বানী (৫৫)
- মো. আবুল বাশার (৩৯)
- পেয়ার আহাম্মদ (৫৫)
পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।