প্রায় চার ঘণ্টা পর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের অনন্ত অ্যাপারেলস লিমিটেড নামের একটি পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা বিভাগের উপ-পরিচালক ছালেহ উদ্দিন।
বুধবার (১৫ জুলাই) ভোর সোয়া ৪টার দিকে কারখানাটির গুদামে আগুনের এ ঘটনা ঘটে।
জানা যায়, আজ ভোরে অনন্ত অ্যাপারেলস লিমিটেডের গুদামে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটে। এসময় আগুন মুহূর্তেই ছড়িয়ে গেলে শ্রমিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। তবে এই দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে আগুনের খবর সংগ্রহের জন্য গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থল পৌঁছালে বেপজা কর্তৃপক্ষ সাংবাদিকদের ভেতরে প্রবেশে বাধা প্রদান করেন।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক ছালেহ উদ্দিন জানান, ভোর ৪টা ১০ মিনিটে আমাদেরকে আগুনের বিষয়ে অবগত করা হয়েছিল। শুরুতে আদমজী ইপিজেডের ফায়ার স্টেশন চেষ্টা করলেও আগুনের তীব্রতার কারণে আমাদের নারায়ণগঞ্জ, কাঁচপুরসহ বিভিন্ন ইউনিটের মোট ৯টি ইউনিট ঘটনাস্থলে আসেন। পরে চার ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। মূলত কাপড়ের গুদাম হওয়ায় এখনো কিছু কিছু স্থানে অল্প অল্প ধোঁয়া বের হচ্ছে। তবে এখানে আর কোনো ঝুঁকি নেই। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি তদন্তসাপেক্ষে বলতে হবে।